
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিরোধী-জোটের বৈঠকে যোগ দিতে সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এবার ও তিনি একা নন তার সঙ্গে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কংগ্রেস সূত্রের খবর, সোম এবং মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের যে দ্বিতীয় বৈঠক হতে চলেছে, সেখানে যোগ দিতে চলেছে ২৬টি বিরোধী দল। মঙ্গলবার রয়েছে মূল বৈঠক। তার আগে সোমবারও এক বার প্রাথমিক আলোচনায় বসতে চলেছেন বিরোধী নেতা-নেত্রীরা। তার পর রাতে নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী।
তৃণমূল সূত্রে খবর, সোমবার বিরোধীদের প্রাথমিক আলোচনায় মমতা যোগ দিলেও সনিয়ার ডাকা নৈশভোজে থাকতে পারবেন না। পায়ের সদ্য অস্ত্রোপচারের কারণে তাঁর পক্ষে বেশি চলাফেরা করা সম্ভব নয়। সেখানে সম্ভবত থাকতে পারেন অভিষেক এবং তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।
যদিও কংগ্রেস নেতৃত্ব চাইছেন, সনিয়ার নৈশভোজে থাকুন মমতা। কংগ্রেস নেত্রীর সঙ্গে তৃণমূল নেত্রীর ব্যক্তিগত সম্পর্ক অনেক বরফ গলাতে সমর্থ হতে পারে বলেই ধারণা নেতৃত্বের একাংশের।
আসন্ন লোকসভা ভোটকে মাথায় রেখে বিরোধী ঐক্যের বিষয়টিকে মাথায় রেখে নিজেদের কার্যক্রম সজাতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। সে কারনে তৃণমূলনেত্রীকে নৈশভোজের আসরে চাইছেন সনিয়া বলে খবর। তৃণমূল সূত্রে খবর, মমতা নৈশভোজের আসরে না থাকলেও মঙ্গলবার বিরোধীদের বৈঠকে থাকতে চলেছেন তৃণ্মূল সুপ্রিমো।
