
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের লুইজিনহো ফালেইরো। তিনি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। ইস্তফা দেওয়ার খবর স্বীকারও করে নিয়েছেন ফেলেইরো।
২০২৬ সালে ফেলেইরোর সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার প্রায় তিন বছর আগে কেন তিনি পদত্যাগ করলেন? তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কী জাতীয় দলের তকমা হারানোতেই কী ঘাসফুল ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের জবাব অবশ্য এড়িয়ে গেলেন ফেলেইরো।
উল্লেখ্য, ২০২১ সালের কংগ্রেস ছেড়ে ফেলেইরো নাম লেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। ওই বছরই ১৫ সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। ২৯ সেপ্টেম্বর কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সদবদলে তৃণমূলে যোগদান করেন ফেলেইরো। অর্পিতার শূন্য আসনে নভেম্বর মাসেই তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দেওয়া হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। পাশাপাশি সর্বভারতীয় সংগঠনে তাঁকে সহ-সভাপতির পদ দেওয়া হয়েছিল। ওই সময় জানানো হয়েছিল, রাজ্যসভার সাংসদ হলেও, গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ফেলেইরো ভোটে লড়েননি। প্রসঙ্গত, বর্তমানে গোয়া তৃণমূলের পর্যবেক্ষক পদে রয়েছেন প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ।তবে ফালেইরোর ইস্তফার খবর নেই তার কাছে।
