Country

1 year ago

Woman Giving Birth Inside Bus: বাসেই কন্যাসন্তানের জন্ম দিলেন মহিলা! তৎপর হাসপাতাল কর্মীদের কাজে মুগ্ধ নেট দুনিয়া

Woman Giving Birth Inside Bus (File Picture)
Woman Giving Birth Inside Bus (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিশুকন্যার জন্ম হল পাবলিক বাসেই। বুধবার বিকেলে কেরালার মালাপ্পুরমের বাসিন্দা সেরিনা নামের এক মহিলা তাঁর স্বামীর সঙ্গে ত্রিশুর থেকে কোঝিকোড়ের থটিলপালাম যাচ্ছিলেন কেএসআরটিসি বাসে করে। বাসটি ত্রিশুর জেলার পেরামঙ্গলম পার হওয়ার সাথে সাথেই মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন বাসের চালক। দ্বিতীয় কোনও চিন্তা না করেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেন। এরপর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রুট পরিবর্তন করে স্থানীয় আমলা হাসপাতালের দিকে রওনা দেন। হাসপাতালে পৌঁছেই বাসের কর্মীরা হাসপাতালকে গোটা বিষয়টি জানায়। বাসের যাত্রীদের দ্রুত নামিয়ে দেওয়া হয়। চিকিৎসক এবং নার্সরা এসে দেখা করেন মহিলার সঙ্গে।

মহিলার শারীরিক অবস্থা এবং জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে চিকিৎসক এবং নার্সরা বুঝতে পারেন যে ওই মহিলাকে হাসপাতালের ভিতর নিয়ে যাওয়া যাবে না। এরপর তাঁরা বাসের ভিতরেই প্রসব করানোর সিদ্ধান্ত নেন। বাসের ভিতরেই এক শিশুকন্যার জন্ম দেন ওই মহিলা।

জন্মের পরই শিশুটিকে নিও ন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। ওই মহিলাকেও পর্যবেক্ষণে রাখা হয়।

এতোকিছুর মধ্যেই গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে দেখা যায় হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছে পাবলিক বাসটি। মা এবং শিশুর সাহায্যের জন্য হাসপাতালের কর্মীরা ছুটে আসছেন।

আমলা হাসপাতালের চিকিৎসক, ইয়াসির সুলাইমান জানিয়েছেন, ‘প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় তাঁকে জরুরি বিভাগে স্থানান্তর করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। ফলে আমাদের বাসের ভিতরেই শিশুটিকে বের করে সেখানেই নাভি কেটে ফেলতে হয়েছিল। মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছে।’

বাসের চালক সহ অন্যান্য স্টাফ এবং হাসাপাতালের কর্মীদের সময়মতো সহায়তার কারণেই বাসের ভিতর সুস্থ কন্যা সন্তানের জন্ম দিতে পেরেছেন ওই মহিলা। জন্মের পরই মা এবং নবজাতককে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই রয়েছেন দুজন। মা ও শিশু সম্পূর্ণ সুস্থ আছে বলেই হাসপাতালসূত্রে জানানো হয়েছে।

পাঁচ সন্তানের মা সেরিনা ষষ্ঠ বারের মতো গর্ভবতী ছিলেন। নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই বাসে যাত্রা করছিলেন তিনি। হাসপাতালের সৌজন্যে বাসের ভিতরে ডেলিভারি ও হাসপাতালের কর্মীদের তৎপরতার সিসিডিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় সাহায্যকারী সরকারি বাসের চালক, কন্ডাক্টর এবং চিকিৎসা কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন নেটিজেনরা।

You might also like!