
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই, দুদিন ধরে চলল ২৬টি বিরোধী দলের বৈঠক। সোমবার রাতে একসঙ্গে নৈশভোজও করেন বিরোধী দলের নেতানেত্রীরা। সেই অনুষ্ঠানেই প্রস্তাব রাখা হয় বিরোধী জোটের নাম স্থির হবে মঙ্গলবারের বৈঠকে। সেই মতই লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোটের মহা বৈঠকে বিরোধী জোটের নাম স্থির হল 'INDIA', 'INDIA'-র জোটের পুরো নাম 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স'।
সূত্রের খবর, মহারাষ্ট্রের মুম্বইয়ে হবে সেই জোটের পরবর্তী বৈঠক।বৈঠক শেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে নয়া জোটের নাম ঘোষণা করেছেন। প্রসঙ্গত, বৈঠক শেষের আগেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি টুইটেই নাম বদলের ইঙ্গিত মিলেছিল। তিনি লিখেছিলেন, ‘চক্ দে! ইন্ডিয়া’।
তবে নাম বদল হলেও নয়া জোটে চেয়ারপার্সন বা আহ্বায়ক পদ আপাতত ঘোষণা করেননি খড়গে। ইউপিএ চেয়ারপার্সন পদে ছিলেন সনিয়া গান্ধী। তবে বিরোধী জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন খড়গে। তিনি জানান, মুম্বইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম।
