
নয়াদিল্লি, ৩ জুলাই: বিরোধীদের দ্বিতীয় বৈঠকের দিনক্ষণ ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। সোমবার টুইট করে বেণুগোপাল জানিয়েছে, আগামী ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বৈঠকে বসবেন বিরোধীরা। তিনি আরও জানিয়েছেন, "আমরা ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক শক্তিকে পরাজিত করার জন্য নিজেদের দৃঢ় সংকল্পে অটল আছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহসী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছি।"
মহারাষ্ট্রে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির কারণে পিছিয়ে যায় বেঙ্গালুরুর বিরোধী বৈঠক। আগামী ১৪ জুলাই বেঙ্গালুরুতে বিজেপি-বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠকের কথা ঘোষণা করেছিলেন স্বয়ং শরদ পওয়ার। কিন্তু রবিবার তাঁর শিবিরই বড়সড় ধাক্কা খায়। ১৪ জুলাইয়ের পরিবর্তে এবার ঠিক হয়েছে ১৭ ও ১৮ জুলাই বেঙ্গালুরুতে বৈঠকে বসবেন বিরোধীরা। বেণুগোপাল জানিয়েছেন, "পাটনায় ব্যাপকভাবে সফল বৈঠকের পর, আমরা ১৭ এবং ১৮ জুলাই বেঙ্গালুরুতে পরবর্তী বৈঠক করব।"
