
নয়াদিল্লি, ৪ জানুয়ারি : রাজস্থানের রাজধানী জয়পুরে শুক্রবার শুরু হচ্ছে পুলিশের ডিজি ও আইজি-দের সর্বভারতীয় সম্মেলন। তিনদিনের এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন শনি ও রবিবার। সাইবার অপরাধ-সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পুলিশি ব্যবস্থা, প্রযুক্তি, সন্ত্রাসবাদ দমন, বাম চরমপন্থা এবং জেলখানা সংস্কারের মতো বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মত বিনিময় করবেন পুলিশের ডিজি ও আইজিরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিফফেক-এর মতো নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ আধিকারিকরা।
