
চেন্নাই, ২ এপ্রিল : নিজের জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী দক্ষিণ চেন্নাই সংসদীয় আসনের বিজেপি প্রার্থী তামিলিসাই সৌন্দররাজন। একইসঙ্গে তিনি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমনে তাঁর নির্বাচনী প্রচার আরও জোরদার হবে। দক্ষিণ চেন্নাই লোকসভা আসনের বিজেপি প্রার্থী তামিলিসাই মঙ্গলবার চেন্নাইয়ের এককাতুথাঙ্গল থেকে প্রচার শুরু করেছেন। তিনি বলেন, "জনগন আমাকে আশ্বস্ত করছেন, তাঁরা আমাদের ভোট দেবেন। তাঁরা (ডিএমকে) পরিকাঠামো তৈরিতে মনোযোগ দেয়নি, শুধুমাত্র কথাই দিয়েছে। বৃষ্টি হলে শহর বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়। আমরা ক্ষমতায় আসার পর, আমরা ভাল নির্মাণ করব। চেন্নাইকে জলাবদ্ধতা ও বন্যামুক্ত করতে পরিকাঠামো তৈরি করব।"
তামিলিসাই আরও বলেছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চেন্নাই আসছেন বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করতে। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রী মোদীও চেন্নাই সফর করবেন এবং এখানে একটি রোড শো করবেন। এর ফলে আমাদের প্রচার শক্তিশালী হবে এবং আমরা অবশ্যই জিতব।"
