
নয়াদিল্লি, ৬ অক্টোবর : জাতিগত জনগণনা নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি পেল বিহার সরকার। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, বিহার সরকারের কাজে কোনও হস্তক্ষেপ করতে পারে না আদালত। তাই বিহার সরকার চাইলে জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশ করতেই পারে। তবে এই বিষয়টি নিয়ে বিহার সরকারকে নোটিসও পাঠিয়েছে শীর্ষ আদালত। আগামী বছরের জানুয়ারি মাসে ফের বিহারের জাতিগত জনগণনা নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে।
বিহারের জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে অনুমতি দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানিয়ে দেয়, আপাতত বিহারের জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে স্থগিতাদেশ দেওয়া যাবে না। কারণ রাজ্য সরকারের কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না আদালত। রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত নিলে সেখানেও বাধা দেওয়া যায় না। সর্বোচ্চ আদালত এদিন স্পষ্ট করে বলে দিয়েছে, "আমরা এই মুহুর্তে স্থগিতাদেশ দিচ্ছি না..আমরা রাজ্য সরকার অথবা কোনও সরকারকে সিদ্ধান্ত নেওয়া থেকে আটকাতে পারি না। এটি ভুল হবে।"
