
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা জনবিরোধী কাজের অভিযোগ তুলে সম্প্রতি অন্ধ্রপ্রদেশ জুড়ে ‘রোড শো’ শুরু করেছেন বিরোধী দলনেতা চন্দ্রবাবু। উক্ত ‘রোড শো’ চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হল। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। বুধবার রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রের খবর, কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য প্রবল ভিড় হয়েছিল। চন্দ্রবাবুর কনভয় পৌঁছনোর পরেই টিডিপি কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারই জেরে পদপিষ্ট হন অনেকে। মৃতদের মধ্যে এক মহিলা রয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা ‘গুরুতর’। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
