
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এনসিপি-র জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন বর্ষীয়ান নেতা শরদ পওয়ার। মঙ্গলবার শরদ পওয়ার নিজেই ঘোষণা করেছেন, "আমি এনসিপি-র জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি।"প্রসঙ্গত, মহারাষ্ট্র তথা গোটা ভারতীয় রাজনীতিতে বিরোধী নেতা হিসাবে যথেষ্ট প্রভাবশালী পাওয়ার। তবে তাঁর ছেড়ে যাওয়া জায়গা কে নেবেন তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
নিজের আত্মজীবনীর দ্বিতীয় সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে দাঁড়িয়ে তার ইস্তফার সিদ্ধান্ত জানান, যা শুনে চমকে উঠেছেন তাঁর অনুগামীরা। উক্ত অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমি এনসিপি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ এই কথা শোনামাত্র সভাগৃহে হইচই পড়ে যায়। যদিও এই ঘোষনার পর নিশ্চল দেখা যায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এর পাশাপাশি তিনি জানান, তিনি আর নির্বাচনে লড়বেন না। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু যুদ্ধের পোড়খাওয়া নেতা পওয়ার আরও জানিয়েছেন, এনসিপি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও রাজনীতিকে এখনই আলবিদা বলার কোনও ইচ্ছে তাঁর নেই।
পওয়ার বলেন, ‘‘রাজ্যসভায় আমার মেয়াদ এখনও তিন বছর বাকি আছে। তার পর থেকে আমি আর নির্বাচনে লড়াই করব না। এই তিন বছরে আমি আরও বেশি করে দেশ এবং রাজ্যের হিতে কাজ করে যাব। নতুন কোনও দায়িত্ব নেওয়ার ইচ্ছে আর নেই।’’এই বর্ষীয়াণ নেতা আরো বলেন- ‘‘আমার সহকর্মীদের বলতে চাই, প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেও আমি জনজীবন থেকে সরার কথা ভাবছি না। আপনাদের সঙ্গেই থাকব।’’
