
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের একটি বহুতল শপিংমলে ভয়ংকর আগুন লাগে। শপিং কমপ্লেক্সের মধ্যেই বেশ কিছু মানুষ আটকে পড়েছিলেন। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকল দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছায়। জানা গিয়েছে, ওই শপিং কমপ্লেক্সের ভেতর ২০০ টি দোকান ছিল, যার মধ্যে অনেকগুলি দোকানই পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধু দোকান নয়, শপিং কমপ্লেক্সের ভেতরে আটকে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত নিখোঁজ চার জন।
দমকল বাহিনী এবং পুলিশ তাঁদের তল্লাশি জারি রেখেছে। পাশাপাশি জানা গিয়েছে, মৃতদের মধ্যে চারজনই মহিলা এবং তাদের প্রত্যেকেরই বয়স ২২ বছরের কাছাকাছি। কি কারণে এই ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটেছে, তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ওই শপিং কমপ্লেক্সের অগ্নিনির্বাপন ব্যবস্থা সঠিক নিয়ম মেনে করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নিখোঁজদের পরিবারের উদ্বেগ চরমে। দ্রুত চেষ্টা চালানো হচ্ছে, নিখোঁজদের খুঁজে বার করার।
