
নয়াদিল্লি, ৬ মার্চ : তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে তুলে দিতেই হবে সিবিআই-এর হাতে, কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে দিল শীর্ষ আদালত। এরইপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহবাজ পুনাওয়ালা। বুধবার শেহবাজ বলেছেন, "দেশে ''বেটি বাঁচাও'' আন্দোলন আছে, কিন্তু পশ্চিমবঙ্গে ''শাহজাহান বাঁচাও'' আন্দোলন আছে...মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে রক্ষা করেছেন, যিনি মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধের অপরাধী...সব আইএনডিআই জোটের নেতারা সন্দেশখালির নারীদের প্রতি অবিচারের বিরুদ্ধে নীরব।"
তৃণমূলের বহিষ্কৃত নেতা শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশই জারি রাখল সুপ্রিম কোর্ট। সন্দেশখালি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। বুধবার বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়ে দেয় ধৃত নেতাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে।
