
মুজফ্ফরপুর, ২৫ জুন : বিহারের মুজফ্ফরপুরে আচমকাই জলস্তর বৃদ্ধি পেল বাগমতী নদীতে। অসমে বন্যা পরিস্থিতির কারণেই বাগমতী নদীর জলস্তর বেড়েছে। স্বাভাবিকভাবেই চিন্তার মধ্যে রয়েছে বিহার প্রশাসন। রবিবার সকালে বিহারের মুজফ্ফরপুরে দেখা যায়, বাগমতী নদীর জল অনেকটাই বেড়েছে। লোকালয়ে ঢুকে পড়েছে নদীর জল। পরিস্থিতি যাতে বেগতিক না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন।
রবিবার সকালে আউরাই সার্কেল অফিসার রামানন্দ সাগর বলেছেন, "বাগমতী নদীতে আচমকাই জলস্তর বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আমরা সবাই প্রস্তুত রয়েছি।" প্রসঙ্গত, অবিরাম বৃষ্টিপাতের পরে জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ অসমের নলবাড়িতে। বন্যা পরিস্থিতির কারণে ১৯টি জেলার প্রায় ৪ লক্ষ ৮৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
