
শিমলা ও দেহরাদূন, ১৫ আগস্ট: বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৫৫-তে পৌঁছেছে। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরাখণ্ডও। সেখানে বিগত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৩। নিখোঁজ ১০ জন। হিমাচলে বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে নদীর জলস্তর। বৃষ্টি দুর্যোগের কারণে স্বাধীনতা দিবসের উৎসবের আনন্দ ম্লান এই দুই রাজ্যে। গত রবিবার থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। এই পরিস্থিতিতে দুর্যোগ কবলিত হিমাচলে স্বাধীনতা দিবসের উদ্যাপন ম্লান হয়ে গিয়েছে।
হিমাচলের প্রশাসন জানিয়ে দিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যের কোথাও কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। যে অনুষ্ঠানের পরিকল্পনা ছিল, তা বাতিল করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর মানালিতে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তিনি সেই পরিকল্পানা বাতিল করেছেন। মুখ্যমন্ত্রী শিমলাতেই স্বাধীনতা দিবস পালন করেছেন। কেবল পতাকা উত্তোলন, প্যারেড এবং সংক্ষিপ্ত বক্তৃতায় সীমাবদ্ধ ছিলেন তিনি। সুখু বলেছেন, "এখনও পর্যন্ত রাজ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চন্ডীগড়-শিমলা ৪ লেন হাইওয়ে ও অন্যান্য সড়ক খুলে দেওয়া হয়েছে।"
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেহরাদূনে নিজস্ব বাসভবনে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি বলেছেন, "রাজ্যে ভারী বর্ষণ এবং ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি আমি। তাঁদের আশ্বস্ত করছি, এই মুহূর্তে আমার সরকার সম্পূর্ণভাবে তাঁদের পাশে রয়েছে।"
