
ওয়ানাড, ১৮ ফেব্রুয়ারি: কেরলের ওয়ানাডে পশু-মানুষ সংঘাতের কারণে বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। এসংক্রান্ত ৩টি মামলাও দায়ের করা হয়েছে। রবিবার পুলিশ এই তথ্য জানিয়েছে। কেরলের ওয়ানাডে পরপর দুবার হাতির আক্রমণে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বন্য হাতির আক্রমণ ওই অঞ্চলে দিনদিন বেড়েই চলেছে। অকালে প্রাণ হারাতে হচ্ছে বহু মানুষকে। এরই প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল বনধের ডাক দিয়েছে। রবিবার সকালে কংগ্রেস নেতা এবং ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী প্রাণ হারানো দুই ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সাত্ত্বনাও দেন।
পুলিশের এক আধিকারিক রবিবার জানিয়েছেন যে এসংক্রান্ত ৩টি মামলা দায়ের করা হয়েছে। জনসাধারণের পথে বাধা, দাঙ্গা, বেআইনি সমাবেশ, সরকারী আধিকারিকদের উপর অপরাধমূলক বলপ্রয়োগ সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি পরিচিত এবং অজানা ব্যক্তির বিরুদ্ধে এফআইআরগুলি নথিভুক্ত করা হয়েছে।
এই এলাকায় দিনদিন বন্য প্রাণীর আক্রমণ বেড়েই চলেছে। গত শুক্রবারই কুরুভা দ্বীপের কাছে বন বিভাগের একজন ইকো-ট্যুরিজম গাইড বন্য প্রাণীর আক্রমণের মুখে পড়ে মৃত্যু ঘটে।
