
নয়াদিল্লি, ১০ মে : পাকিস্তানি সেনা পশ্চিম সীমান্তে ক্রমাগত আক্রমণ করছে, ভারতের সামরিক ঘাঁটিতগুলিতে আক্রমণ করার জন্য ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান। শনিবার বিদেশ মন্ত্রক, সেনার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কর্নেল সোফিয়া কুরেশি। তিনি বলেছেন, "ভারত অনেক বিপদ মোকাবিলা করেছে, কিন্তু পাকিস্তান ২৬টিরও বেশি স্থানে বিমানের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং তারা উধমপুর, ভূজ, পাঠানকোট, ভাটিন্ডায় বিমান বাহিনীর ঘাঁটিতে আমাদের সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতি করেছে। তারা রাত ১:৪০ মিনিটে পঞ্জাবের বিমান ঘাঁটিতে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এমনকি তারা স্বাস্থ্যসেবা এবং স্কুলগুলিতেও আক্রমণ করেছে।"
কর্নেল সোফিয়া কুরেশি আরও বলেছেন, "একটি নিন্দনীয় এবং অপেশাদারী কাজ হিসেবে, পাকিস্তান শ্রীনগর, অবন্তীপুর এবং উধমপুরের বিমান ঘাঁটিতে হাসপাতাল এবং স্কুল প্রাঙ্গণকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পাকিস্তান আবারও বেসামরিক অবকাঠামোতে আক্রমণের তাদের দায়িত্বজ্ঞানহীন প্রবণতা প্রকাশ করেছে।" কর্নেল সোফিয়া জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে।
