
রাঁচি, ১১ ডিসেম্বর : কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর সঙ্গে সম্পর্কিত স্থানে সোমবারও অভিযান চালাচ্ছে আয়কর দফতর। আজ এই অভিযানের ষষ্ঠ দিন। সোমবারও এই অভিযান অব্যাহত রয়েছে আয়কর দফতরের। রাঁচিতে সাহুর বাড়িতে এখনও নোট গণনা চলছে। এছাড়া বাকি সমস্ত জায়গায় গণনা প্রায় শেষ হয়েছে।
৬ ডিসেম্বর, আয়কর বিভাগ ধীরাজ সাহু সম্পর্কিত বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ৩০টি আলমারি ভর্তি টাকা উদ্ধার করে। ওই দিন থেকে চলছে নোট গণনা। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এখন পর্যন্ত গণনায় অঙ্কটা ৫০০ কোটি ছাড়িয়েছে। যদিও, আয়কর দফতরের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ওডিশার এসবিআই আঞ্চলিক ব্যবস্থাপক ভগত বেহেরা জানিয়েছেন, তারা ১৭৬টি টাকা ভর্তি ব্যাগ খুঁজে পেয়েছেন, যার মধ্যে ১৪০টি ব্যাগে রাখা নোটগুলি গণনা আপাতত শেষ হয়েছে।
