
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল দাবদাহে পুড়ছে পড়শি রাজ্য, লু বইছে সর্বত্র, এ মত পরিস্থিতি তে আগামী পাঁচ দিন রাজ্যের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিল ওড়িশা সরকার। ওড়িশার একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছাড়িয়ে গিয়েছে।
আগামী দিনে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবার আশঙ্কা রয়েছে। এই দাবদাহের পরিবেশে খুদে পড়ুয়া দের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজধানী ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বারিপদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি। ঝাড়সুকদায় পারদ চড়েছে ৪১.২ ডিগ্রিতে। প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত সকলেরই। বাড়ি থেকে বেরোলেই গরমের হলকায় চোখ, মুখ পুড়ে যাওয়ার অবস্থা।উষ্ণতার প্রভাবে অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক থেকে শিশু সকলেই।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জাপান সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই জরুরি বৈঠকে বসেন। কথা বলা হয় আবহবিদদের সঙ্গেও। সব মহলের সঙ্গে আলোচনা করেই বুধবার থেকে পাঁচ দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত জারি হয়। সংক্রান্তির উৎসবেও গরমের প্রবল দাপট অব্যাহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।সরকারের তরফ থেকে সতর্ক করা হয়েছে সাধারন মানুষকে।
