
কলকাতা, ২৯ এপ্রিল : প্রায় দু সপ্তাহ দিল্লি কাটিয়ে ঘরে ফিরছেন মুকুল রায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এদিন দিল্লি বিমানবন্দর ১ নং টার্মিনাল থেকে দুপুর ১২ টার ফ্লাইটে কলকাতা ফিরছেন মুকুল। গত ১৭ এপ্রিল রাতে আচমকা দিল্লি আসেন তিনি। তাঁর দিল্লি আগমন নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনৈতিক মহলে। আগাগোড়া তাঁর দিল্লি সফর ছিল রহস্যে মোড়া। শুধু ১৯ এপ্রিল দিল্লির এক পাঁচতারা হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর ফের ‘উধাও’ হয়ে যান তিনি।
দিল্লি সফরে এসে জানান, তিনি বিজেপির বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই৷ মুকুল এও দাবি করেন, তিনি বিজেপিতেই ছিলেন, আছেন, থাকবেন। একইসঙ্গে, রাজ্য সরকারের তীব্র সমালোচনা করতেও পিছপা হননি তিনি। পাশাপাশি বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করারও চেষ্টা চালিয়ে গেছেন মুকুল। কিন্তু কেউ তাঁকে সাক্ষাতের সময় দিয়েছেন, বা কারুর সঙ্গে তিনি দেখা করেছেন এমনটি জানা যায়নি। এর পর কার্যত ‘সাইলেন্ট মোডে’ চলে যান প্রবীণ এই নেতা। শতচেষ্টা করেও তাঁর সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। তাঁর ফোন ধরতেন আপ্ত সহায়করা, যারা সংবাদমাধ্যমের আঁচ পেলেই ফোন কেটে দিতেন। অবশেষে শনিবার সকালে জানা যায়, তিনি এদিন দুপুরে ইন্ডিগোর ফ্লাইটে কলকাতা ফিরছেন৷ যে ‘জরুরি কাজে’র জন্য মুকুলের অপ্রত্যাশিত দিল্লি আগমন, তা আদৌ সম্পন্ন হল কিনা তাও জানা যায়নি, শেষ পর্যন্ত রহস্য রয়েই গেল।
