
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর নয়া দিল্লিতে রোড শোয়ের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দলীয় সূত্রে খবর, জাতীয় পদাধিকারীরা ছাড়াও সমস্ত রাজ্যের ইনচার্জ ও সহকারী ইনচার্জ, রাজ্য সভাপতি এবং রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকরাও পদাধিকারীদের বৈঠকে যোগ দিয়েছেন এর পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এনডিএমসি) কনভেনশন সেন্টারে বিকাল ৪টায় জাতীয় কার্যনির্বাহী বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে রাজপথে নামেন মোদী। রাজধানীর রাস্তায় গাড়ির সামনের পাদানিতে দাঁড়িয়ে হাত নাড়তে-নাড়তে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁকে কাছ থেকে দেখতে রাস্তার দু-ধারে ঢল নেমেছে শয়ে শয়ে মানুষের। প্রধানমন্ত্রীকে কেবল কাছ থেকে দেখা নয়, তাঁর দিকে গোলাপের পাপড়িও ছু়ড়ে দিচ্ছেন অনুরাগীরা। পুষ্পবৃষ্টিতে ঢাকা পড়ে যাচ্ছে গোটা রাস্তা। আর তার সঙ্গে চারদিকে কেবল একটাই শব্দ, মোদী, মোদী মোদী…। সোমবার এমনই দৃশ্যের সাক্ষী হয়ে থাকল রাজধানী শহর।
কর্নাটকের হুবালির মতোই রাজধানীতেও গাড়ির পাদানিতে দাঁড়িয়ে হাসিমুখে রাস্তার দু-ধারে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন আদায় করেনিলেন প্রধানমন্ত্রী।
