
নয়াদিল্লি, ২৭ মার্চ :উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বৃষ্টি হবে বুধবার রাত থেকেই। আইএমডি জানিয়েছে, বুধবার রাত থেকে উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হবে। আইএমডি জানিয়েছে, এই মাসের ৩০ এবং ৩১ তারিখে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ এবং রাজস্থানে শিলাবৃষ্টি হতে পারে।
একটি পরামর্শে আইএমডি দেশের উত্তর-পশ্চিম রাজ্যগুলিতে পরিপক্ক ফসল কাটা স্থগিত করার জন্য কৃষকদের সতর্ক করেছে। ফসলের ক্ষেত থেকে অতিরিক্ত জল বের করে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের কোনও অংশে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।
