
বিকানের, ৪ মার্চ : রাজস্থানের বিকানের লোকসভা কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিকানের লোকসভা আসনে মেঘওয়ালের ওপর ভরসা রেখেছে বিজেপি। এই ভরসার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
সোমবার সকালে রাজস্থানের বিকানের-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "আমি জাতীয় ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই, আমার প্রতি আস্থা রাখার জন্য আমি দলীয় কর্মীদেরও ধন্যবাদ জানাতে চাই। বিকানেরের উন্নয়নে রেল, রাস্তা এবং বিমান সংযোগের মতো অনেক ক্ষেত্রে কাজ করা হয়েছে, কিন্তু কিছু কাজ এখনও বাকি আছে। যা করা হবে। বিজেপি একটি সংগঠন এবং ক্যাডার ভিত্তিক দল, দল যাকে বেছে নেবে সেই প্রার্থীদের দলের কর্মীরা সমর্থন করবে এবং আমরা যেমন বলি, ''ফির এক বার মোদী সরকার, আব কি বার ৪০০ পার''।
