
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মার্চ মাসে ব্যক্তিগত সফরে ওড়িশা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রশাসনিক সূত্রের খবর, ২১ মার্চ ভুবনেশ্বর পৌঁছতে পারেন মমতা। পর দিন, ২২ তারিখ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী, এই ব্যক্তিগত সফর শেষে ২৩ তারিখ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে একটি বৈঠক হতে পারে তাঁর। তৃণমূল সূত্রে ওই সম্ভাব্য বৈঠকের কথা জানা গেলেও এর আনুষ্ঠানিক সমর্থন শুক্রবার পর্যন্ত মেলেনি।
ওড়িশা সফরে গিয়ে প্রায় প্রতি বারই জগন্নাথ দর্শন করেছেন মমতা। ২০২০ সালে ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দেওয়ার সময়েও পুরী ঘুরে গিয়েছিলেন মমতা। তার আগে ২০১৭ সালে মমতাকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল সেবাইতদের একাংশের বিরুদ্ধে। তা নিয়ে রাজনৈতিক বিতর্কও হয়েছিল। তবে পুরীধামের সঙ্গে মমতার দূরত্ব তাতে কমেনি। ওড়িশায় প্রশাসনিক কাজে গিয়েও ঝটিকা সফরে শ্রীক্ষেত্র ঘুরে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে জগন্নাথ দর্শনের সঙ্গে তাঁর ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই না না জল্পনা শুরু হয়েছে।
জাতীয় রাজনীতির সাম্প্রতিক ওঠাপড়ার প্রেক্ষিতে নবীনের সঙ্গে মমতার বৈঠক হলে সেটি বিশেষ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন অনেকে। নবীনের নেতৃত্বাধীন বিজু জনতা দল (বিজেডি) দীর্ঘ দিন ধরে বিজেপি এবং কংগ্রেস— উভয়ের থেকেই সমদূরত্ব বজায় রাখার কৌশল নিয়ে চলছে। অন্য দিকে, বিজেপি বিরোধিতায় শান দিলেও কংগ্রেসের নেতৃত্ব নিয়ে বহু বার প্রকাশ্যেই নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে তৃণমূল। এমত পরিস্থিতিতে যে সম্ভাব্য বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।
