
ভোপাল, ৩ এপ্রিল : রামনবমীর দিন মধ্যপ্রদেশের ইন্দোরে বেলেশ্বর মহাদেব মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৬ জন পূন্যার্থী। মন্দিরের ভেতরে থাকা একটি কুয়োতে পড়ে তাদের মৃত্যু হয়। এই ঘটনার পর নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। অবশেষে ২০০ বছরের পুরানো বেলেশ্বর মন্দিরের অবৈধ নির্মাণ ভাঙ্গার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার সকালে ইন্দোরের এই প্রাচীন মন্দিরের অবৈধ নির্মান ভাঙতে পৌঁছে যায় ৫ টি বুলডোজার। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এদিন ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। নিকটবর্তী চারটি থানা থেকে আনা হয় পুলিশ। ছিলেন জেলা শাসক ও ইন্দোর পৌরসভার পদস্ত কর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরের যেখানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, সেই অংশটি অবৈধভাবে নির্মান করেছিল মন্দির কর্তৃপক্ষ। এই অংশটি ভেঙ্গে ফেলার জন্য ইন্দোর পুর সভা মন্দির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিছু মন্দির কর্তৃপক্ষ পুরসভার কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ। আর ইন্দোর পুরসভাও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে এই আশংকায় কোনও পদক্ষেপ গ্রহন করার সাহস পায়নি। আর যার ফলস্বরূপ প্রাণ হারাতে হল ৩৬ জন পূন্যার্থীকে। এই ঘটনায় মন্দির ট্রাস্টের দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অবৈধ নির্মাণ অপসারণ না করায় দুই পৌর কর্তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ ফিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
