
নয়াদিল্লি, ১৫ মার্চ : আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বললেন সরকারি সম্পত্তি কেনার জন্য একজনকেই টাকা দিচ্ছে সরকার। একইসঙ্গে খাড়গের অভিযোগ, লক্ষাধিক টাকার কেলেঙ্কারি হয়েছে; এলআইসি, এসবিআই ও অন্যান্য ব্যাঙ্ক ধ্বংস হয়ে গিয়েছে।
আদানি ইস্যুতে বুধবার সংসদ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর অফিস পর্যন্ত মিছিল করেছেন বিরোধীরা। এই মিছিল থেকেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আদানি কেলেঙ্কারি ইস্যুতে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা সবাই ইডি-র ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কিন্তু সরকার আমাদের বিজয় চকের কাছাকাছি কোথাও যেতে দিচ্ছে না, তাঁরা আমাদের থামিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারি হয়েছে। এলআইসি, এসবিআই এবং অন্যান্য ব্যাঙ্কগুলি ধ্বংস হয়ে গিয়েছে।
মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, সরকারি সম্পত্তি কেনার জন্য সরকার একজনকেই টাকা দিচ্ছে। প্রধানমন্ত্রী এমন কাউকে উৎসাহিত করছেন, যার আগে কম সম্পদ ছিল। কিন্তু এখন ১৩ লক্ষ কোটি টাকার সম্পদে প্রসারিত হয়েছে। এটা কিভাবে ঘটেছে? টাকাটা কে দিচ্ছে? তদন্ত হওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদী ও আদানির মধ্যে সম্পর্ক কী? খাড়গের কথায়, আমরা ১৭-১৮টি রাজনৈতিক দলের সমস্ত সাংসদ এখানে আছি এবং আমরা জানতে চাই কিভাবে আদানি ২.৫ বছরের মধ্যে লক্ষ কোটি টাকা করেছে।। আমরা ২০০ জন এবং এখানে ২০০০ পুলিশ কর্মী আছে, তাঁরা আমাদের কণ্ঠকে দমন করতে চায়।
