
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের সঙ্গেই কি হবে জম্মু-কাশ্মীরের বিধানসভার নির্বাচন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে গিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক করায় সেই জল্পনা আরও জোরালো হল৷ উল্লেখ্য, ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে আসন পুর্নবিন্যাসের কাজ হয়ে গিয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা, গোয়েন্দা ব্যুরো (আইবি)-র প্রধান তপন ডেকা। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রধান, জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ-র ডিরেক্টর। ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মুখ্যসচিব অটল দুল্লু, এবং পুলিশের ডিজি আরআর সোয়াঁই-সহ একঝাঁক গুরুত্বপূর্ণ আধিকারিক।
ডিলিমিটেশন কমিশনের রিপোর্টের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসনসংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছে। সাতটি আসনের মধ্যে ছ’টি বেড়েছে জম্মুতে৷ সেখানকার মোট আসন ৩৭ থেকে বেড়ে হয়েছে ৪৩। একটি আসন বেড়েছে কাশ্মীরে। ৪৬ থেকে বেড়ে কাশ্মীরে এখন বিধানসভার আসনসংখ্যা ৪৭।
সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। তারপর গত তিন সপ্তাহে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে উপত্যকায়। এই অবস্থায় লোকসভার সঙ্গেই বিধানসভার ভোট হবে কিনা, সেই জল্পনা উস্কে দিল নিরাপত্তা নিয়ে শাহের বৈঠক।
