
নয়াদিল্লি, ৪ জুলাই : "ভারত নিজস্ব কর্তব্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। স্বাধীনতার আগামী ২৫ বছর আমাদের কর্তব্য কাল হতে চলেছে।" বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের পুট্টাপারথিতে সাই হীরা গ্লোবাল কনভেনশন সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, "আমাদের দেশে সন্তদের প্রায়শই প্রবাহিত জল হিসাবে বর্ণনা করা হয়, কারণ সাধুসন্তরা কখনই তাঁদের চিন্তায় থেমে থাকেন না এবং তাঁরা কখনও নিজেদের কর্ম দিয়েও থামেন না। নিরন্তর প্রবাহ ও নিরন্তর প্রচেষ্টা সাধকদের জীবন।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আমি এই কনভেনশন সেন্টারের ছবি দেখেছি। এটি আধ্যাত্মিক সম্মেলন এবং একাডেমিক কর্মসূচির কেন্দ্র হবে। সারা বিশ্বের বিশেষজ্ঞরা এখানে আসবেন এবং আমি আশা করি এই কেন্দ্র দেশের যুবকদের সাহায্য করবে।" প্রধানমন্ত্রীর কথায়, "আমাদের কর্তব্যের মধ্যে আধ্যাত্মিক মূল্যবোধের দিকনির্দেশনাও রয়েছে এবং ভবিষ্যতের জন্য সংকল্পও রয়েছে। এর মধ্যে উন্নয়ন আছে এবং উত্তরাধিকার আছে। আমরা ডিজিটাল প্রযুক্তি এবং ৫জি-র মতো ক্ষেত্রে বড় দেশগুলির সঙ্গে প্রতিযোগিতা করছি। বর্তমানে বিশ্বে যত রিয়েল-টাইম অনলাইন লেনদেন হচ্ছে, তার মধ্যে ৪০ শতাংশ শুধুমাত্র ভারতেই ঘটছে।"
