নয়াদিল্লি, ৬ এপ্রিল: জেলবন্দি দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। বেআইনি আর্থিক লেনদেন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে হেল হেফাজতে রয়েছেন আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
এদিন আদালতের তরফে বলা হয়েছে, আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি তথ্য প্রমাণের ক্ষতি করতে পারেন। উল্লেখ্য গত বছর ৩০ মে কেন্দ্রীয় এজেন্সি সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে চারটি সংস্থার মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
আপ নেতা এবং ইডির আইনজীবীদের সওয়াল জবাব শোনার পর গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট জামিনের বিষয়ে নির্দেশ রিজার্ভ রেখেছিল। সত্যেন্দ্র জৈন আদালতে জানিয়েছিলেন যে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। তিনি আরও দাবি করেন যে চার্জশিট দাখিল করার পরে তাঁর কারাবাস চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
