
নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : সংসদে অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দের প্রয়োগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বুধবার এই অভিযোগে সরব হল বিজেপি। টিডিপি সাংসদ কে রাম মোহন নাইডুর বক্তব্য চলাকালীনই তাঁকে কিছু বলতে শোনা যায়। যা মাইক্রোফোনে ধরা পড়ে। ওই ‘অসংসদীয়’ মন্তব্যের কারণে তৃণমূল সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে বিজেপি। বুধবার বিজেপি সাংসদ হেমা মালিনী বলেছেন, নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত তাঁদের। অতিরিক্ত উত্তেজিত এবং আবেগপ্রবণ হওয়া উচিত নয় তাঁদের। সংসদের প্রত্যেক সদস্য একজন সম্মানিত ব্যক্তি।
এদিকে, বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মহুয়া মৈত্র বলেছেন, ''আমি অবাক হচ্ছি, বিজেপি আমাদের সংসদীয় শিষ্টাচার শেখাচ্ছে। আমি একটি আপেলকে আপেল বলব, কমলা নয়...যদি তাঁরা আমাকে স্বাধিকার ভঙ্গের কমিটিতে নিয়ে যায়, আমি নিজের কথা রাখব।'' মহুয়া আরও বলেছেন, 'বিজেপি বলছে আমি একজন নারী হয়ে কীভাবে এমন শব্দ ব্যবহার করতে পারি, আমার কি পুরুষ হওয়ার দরকার আছে?''
