
দেহরাদূন, ২৯ জুলাই : বৃষ্টির দুর্যোগ যেন কাটছেই না উত্তরাখণ্ডে। ভারী বৃষ্টির কারণে এবার জলের তোড়ে ভেসে গেল বদ্রীনাথ জাতীয় সড়কের একাংশ। শুক্রবার রাত থেকে ভারী বর্ষণ হয়েছে চামোলি জেলায়। এর জেরে লাম্বাগড়ে জলস্তর বৃদ্ধি পায়। জলের তোড়ে ভেসে গিয়েছে জাতীয় সড়কের একাংশ।
চামোলি পুলিশ জানিয়েছে, টানা বৃষ্টির জেরে জাতীয় সড়কের ৫০ মিটার অংশ ভেসে গিয়েছে। গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। প্রায় রোজই বিভিন্ন এলাকায় ধস নামার খবর প্রকাশ্যে আসছে। শুক্রবারও উত্তরাখণ্ডের কয়েকটি এলাকায় ধস নেমেছিল। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গঙ্গোত্রী এবং যমুনোত্রী জাতীয় সড়ক। রাস্তা মেরামতের কাজ চলছে দ্রুততার সঙ্গে।
