
সোনাপুর (মেঘালয়), ১ মে: প্রবল ঘূর্ণিঝড়ে মেঘালয়ের সোনাপুরে পাহাড়ি সেতুর রেলিঙে উল্টে পড়ল পণ্যবাহী কন্টেইনার। অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে চালক ও সহচালকের। মঙ্গলবার বিকালের দিকে ৬ নম্বর জাতীয় সড়কের অসম-মেঘালয় রোডের সোনাপুরে সংঘটিত হয় ভয়ংকর দুর্ঘটনা।
জানা গেছে, গুয়াহাটি থেকে কালাইনের দিকে যাচ্ছিল পণ্যবাহী একটি কন্টেইনার। গাড়িটে সোনাপুর দুর্গা মন্দিরের পার্শ্ববর্তী ব্রিজের উপর ওঠার পর মুহূর্তেই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। প্রবল বেগের ঘূর্ণিঝড়ের ধাক্কায় কন্টেইনার ট্রাকটি ব্রিজের রেলিংয়ের উপর উল্টে পড়ে। নদীর ওপর থাকায় সে সময় বাতাসের গতিবেগ প্রচণ্ড বেশি ছিল। যার ফলে এত ভারী মাল বোঝাই থাকা সত্ত্বেও বাতাসের ধাক্কা সামলাতে না পেরে সেতুর ওপর উল্টে পড়ে কন্টেইনার গাড়িটি।
এই দুর্ঘটনায় অল্পের জন্য খরস্রোতা সোনাপুর নদীতে পড়া থেকে বেঁচে যায় ট্রাকটি। যার জন্য রক্ষা পায় ট্রাকের চালক ও সহচালকের প্রাণ। এদিনের ঘূর্ণিঝড়ে সোনাপুর ব্রিজের পাশে দাঁড় করিয়ে রাখা অন্য একটি ট্রাকের ওপরও একটি প্রকাণ্ড গাছ ভেঙে পড়েছে। যার ফলে গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক। এছাড়াও প্রবল বৃষ্টিপাতের ফলে ধস নেমে বেশ কয়েক ঘণ্টা যাতায়াত স্তব্ধ হয়ে পড়ে শিলচর-গুয়াহাটি সড়কে।
