
শিলং : মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় বিএসএফ এবং চোরাকারবারির মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘৰ্ষে এক চোরাকারবারির মৃত্যুর পাশাপাশি তিন বিএসএফ জওয়ান সহ চারজন আহত হয়েছেন।
আজ শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে ডালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ভারতের চোরাকারবারির এক দল গবাদি পশু, চিনি, পেঁয়াজ, মদ এবং অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র মেঘালয় থেকে সংগ্রহ করে বাংলাদেশে পাচারের জন্য সীমান্তে জড়ো হয়েছিল। ওপারে জড়ো হয়েছিল বাংলাদেশি চোরাকারবারির আরেক দল।
এপাড়ে ভারতের চোরাকারবারিদের পাচারে বাধা দিলে তারা পাথর, ধারালো অস্ত্র এবং কাঠের লাঠি নিয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলা করে। তখন বাধ্য হয়ে বিএসএফ জওয়ানরা গুলি চালান। এতে এক চোরাকারবারির মৃত্যু হয়েছে। সংঘর্ষে তিন বিএসএফ জওয়ান এবং একজন বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছে, বলা হয়েছে বিবৃতিতে।
