
বেঙ্গালুরু, ৯ মার্চ : মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং কমিশনের বরিষ্ঠ অধিকারিকদের একটি দল তিনদিনের সফরে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে পৌঁছেছে। নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে ও অরুণ গোয়েল ছাড়াও বেশ কয়েকজন ডেপুটি কমিশনার রয়েছেন সেই দলে। কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতেই এই সফর।
শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা ৩৪টি জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে নির্বাচনের পূর্বের ব্যবস্থা নিয়ে বৈঠক করবেন। ওই দিনই নির্বাচনের তাৎপর্যের উপর একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন, ভোটার সচেতনতা প্রচার এবং হ্যাকাথন চালু করবেন। একই অনুষ্ঠানে তাঁরা নির্বাচনী দূত, শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী ভোটার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং জন প্রভাবশালীদের সঙ্গে বিশেষ মতবিনিময় করবেন।
