
নয়াদিল্লি, ৬ জানুয়ারি : দিল্লি সহ গোটা উত্তর ভারত এখন ঠাণ্ডার কবলে। বর্তমানে দেশের হিল স্টেশনগুলির থেকেও বেশি ঠান্ডা দিল্লি। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যেখানে তিনটি জায়গায় এটি ২.২ থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার ডালহৌসি ৪.৯ ডিগ্রি সেলসিয়াস, ধর্মশালায় ৫.২ ডিগ্রি সেলসিয়াস, কাংড়া ৩.২ ডিগ্রি সেলসিয়াস, সিমলা ৩.৭ ডিগ্রি সেলসিয়াস, দেরাদুন ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, মুসৌরি ৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং নৈনিতালে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ভারতের আবহাওয়া দফতরের মতে, ৬ এবং ৭ জানুয়ারিতেও রাজধানীর কিছু এলাকা শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা যেতে পারে। তাই ঠান্ডার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
