
বেগুসরাই, ৯ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনে ফের ওয়ানাড থেকে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। আর তা নিয়েই কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। গিরিরাজের মতে, কংগ্রেস ওয়ানাডকে বিশ্বাস করে, কারণ সেখানে সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। একইসঙ্গে গিরিরাজ অভিযোগ করেছেন, রাহুল গান্ধী আমেঠির জনগণকে বিশ্বাস করেন না।
শুক্রবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থিতালিকা ঘোষণা করেছে কংগ্রেস। ৩৯ জন প্রার্থীর মধ্যে রয়েছেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কেরলের ওযানাড কেন্দ্রের সাংসদ রাহুল এ বারেও ওই কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন। শনিবার সকালে এ প্রসঙ্গে গিরিবাজ সিং বলেছেন, "তিনি আমেঠির জনগণকে বিশ্বাস করেন না। এই স্থানটি সর্বদা ইন্দিরা গান্ধী এবং তাঁর পরিবারকে সম্মান দিয়েছে, কিন্তু গত ৫ বছরে তাঁরা (কংগ্রেস) আমেঠির মানুষকে অসম্মান করেছে। তাঁরা ওয়ানাডকে বিশ্বাস করে, কারণ সেখানে সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।"
