Country

3 years ago

Delhi airport : মোদীকে 'আদানি' বলে কটাক্ষ, দিল্লি বিমানবন্দরে অসম পুলিশের হাতে গ্রেফতার বরিষ্ঠ কংগ্রেস নেতা পবন খেরা, বিক্ষোভ দলীয় নেতা-কর্মীর

Delhi airport
Delhi airport

 

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা দলের অন্যতম মুখপাত্র পবন খেরাকে গ্রেফতার করেছে অসম পুলিশ। দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রানওয়েতে বসে উত্তাল বিক্ষোভ-প্রতিবাদ করছেন কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা।

আজ বৃহস্পতিবার সকালে কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট নিয়ে দিল্লি বিমানবন্দরে অসম পুলিশের দল উপস্থিত হয়। জাতীয় কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা পবন খেরা ছত্তিশগড়ে নিখিল ভারত কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে রায়পুরগামী ইন্ডিগো৬এ-র ফ্লাইট নম্বর ৬ই২০৪-য় গিয়ে বসেন। তখনই অসম পুলিশের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আদানি’ বলে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ওয়ারেন্ট হাতে নিয়ে কংগ্রেস নেতাকে উড়ান থেকে নামিয়ে দিতে বিমান কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। পুলিশের আবেদনে সাড়া দিয়ে খেরাকে উড়ান থেকে নামিয়ে দিলে গ্রেফতার করে পুলিশ। দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে কংগ্রেসের বিপুল সংখ্যক নেতা-কর্মী রানওয়েতে বিক্ষোভ অবস্থানে বসে পড়েন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবা সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে অসমের ডিমা হাসাও জেলায় এফআইআর দায়ের হয়েছিল। ওই এফআইআর-এর ভিত্তিতে মামলা রুজু করে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট নিয়ে হাজির হয় অসম পুলিশের এক দল। পবন খেরাকে অসমে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ইন্ডিগো এয়ারলাইন্সের জনৈক পদাধিকারী জানান, পবন খেরার বিরুদ্ধে মামলার জন্য তাঁকে ফ্লাইটে বসার অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

এদিকে কংগ্রেসের শীর্ষ দুই নেতা জয়রাম রমেশ এবং রণদীপ সিং সুরজেওয়ালা টুইটারে ঘটনার নিন্দা করে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। রণদীপ সিং লিখেছেন, ‘কংগ্রেসের সহকর্মীদের সাথে আমরা সবাই ইন্ডোগো৬এ-র ফ্লাইট নম্বর ৬ই২০৪-তে করে রায়পুরে অনুষ্ঠেয় মহাধিবেশনের জন্য যাচ্ছিলাম। কিন্তু আচমকাই আমাদের সাথী পবন খেরাকে বিমান থেকে নামিয়ে দিলে অসম পুলিশ গ্রেফতার করে। এটা কোন ধরনের স্বৈরাচার? আইন-শৃঙ্খলা একজন মানুষের স্বেচ্ছাচারিতা হতে পারে না। আমরা সবাই সত্যের সৈনিক, সত্যের জন্য লড়ব।’

অন্যদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেল দলীয় নেতার গ্রেফতার সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, বিজেপি কংগ্রেসের উত্থানে ভীত হয়ে এ ধরনের অগণতান্ত্রিক কাজে লিপ্ত হয়েছে। বিজেপির কার্যকলাপে প্রমাণিত, ছত্তিশগড়ে অনুষ্ঠেয় কংগ্রেসের সম্মেলনকে ভয় পাচ্ছে মোদী-শাহের দল।


জানা গেছে, তাঁকে গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পবন খেরা। শীর্ষ আদালতকে তাঁর কৌঁসুলি নাকি জানিয়েছেন, পবন খেরার বিরুদ্ধে বারাণসী, লখনউ, অসমে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর মক্কেল নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষ করেছেন। পবন খেরাকে রায়পুরগামী উড়ান থেকে নামিয়ে অসম পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ তুলে তিনি আদালত থেকে রক্ষাকবচেরও আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩.০০টায় এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

You might also like!