
কাইমুর, ২৬ ফেব্রুয়ারি: বিহারের কাইমুর জেলায় গাড়ি ও কন্টেনারের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। রবিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ির যাত্রীরা সাসারাম থেকে বারাণসীর দিকে যাচ্ছিলেন, মোহানিয়ার কাছে দেবকালী গ্রামের কাছে গাড়িটি পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মারে গাড়িটি।
এরপর ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার অপর দিকে চলে যায় গাড়িটি এবং কন্টেনারের সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। মোহানিয়া সাব-ডিভিশনাল পুলিশ অফিসার দিলীপ কুমার বলেছেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে, স্করপিও গাড়িটি এক মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরপর ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার অপর দিকে চলে যায়। এরপর কন্টেনারের সঙ্গে সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয়েছে ৯ জনের।"
