
ইমফল, ২৭ জুন : অগ্নিগর্ভ মণিপুরে সশস্ত্র দুর্বৃত্তদের সঙ্গে সংগঠিত বন্দুকযুদ্ধে শহিদ হয়েছেন বিএসএফ-এর জনৈক জওয়ান। শহিদ জওয়ানকে নরেন্দর কুমার বলে শনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং হিন্দুস্থান সমাচার-কে এ খবর দিয়ে জানান, ঘটনা গতকাল সোমবার বিকালে টেংনুপাল জেলায় সংগঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় টেংনুপাল জেলায় টহল দিচ্ছিলেন বিএসএফ-এর ১২২ ব্যাটালিয়নের জওয়ানরা। কিন্তু মোরেহ বাজারে টহল দেওয়ার সময় আচমকা সশস্ত্র এক দুর্বৃত্তের দল জনৈক গৃহস্থের বাড়িতে অগ্নিসংযোগ করে।
বিএসএফ দুর্বৃত্তদের রুখতে গেলে তাঁরা জওয়ানদের লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। জবাবি গুলি চালায় বিএসএফও। দুর্বৃত্তদের গুলিতে বিদ্ধ হন কৰ্তব্যরত বিএসএফ জওয়ান নরেন্দর কুমার। তাঁকে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন, জানান কুলদীপ সিং।
মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং আরও জানান, এর আগে গত ২৩ জুন সশস্ত্র দুর্বৃত্তরা কাংপোকপি জেলার সাইতু বিধানসভা কেন্দ্রের কাংচুপ গেলজং সাব-ডিভিশনে অবস্থিত এন বলজং গ্রামে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ সংগঠিত করেছিল। ওই ঘটনায় ভারতীয় সেনা বাহিনীর এক জওয়ান আহত হয়েছিলেন। তাঁকে চিকিৎসার জন্য লেইমাখং-এ সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
