
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। দিল্লিতে আন্তর্জাতিক কূটনৈতিক আঁতাতের বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেছেন, আপনাদের সবাইকে আমি বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাচ্ছি, যা আগামী দিনে আমাদের রাজধানী হবে। আমিও বিশাখাপত্তনমে চলে যাব।
চলতি বছরের মার্চ মাসে বিশাখাপত্তনমে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইনভেস্টরস সামিটের প্রস্তুতিমূলক সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেছেন, তিনি আগামী কয়েকমাসের মধ্যে তাঁর দফতর বন্দর শহরে স্থানান্তর করবেন। প্রসঙ্গত, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের রাজধানী হল অমরাবতী।
