
ভিওয়ান্ডি, ১ মে : মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭-এ পৌঁছেছে। এখনও দু'জন শ্রমিক সম্ভবত ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিগত ৪২ ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান জারি রয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। সোমবার সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, ভিওয়ান্ডিতে তিন-তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। ৪২ ঘন্টারও বেশি সময় ধরে চলছে উদ্ধার অভিযান।
প্রসঙ্গত, গত শনিবার (২৯ এপ্রিল) মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে ভেঙে পড়ে একটি তিন-তলা বহুতল। বর্ধমান বিল্ডিং ভেঙে পড়ার পর থেকেই শুরু হয় উদ্ধারকাজ। বর্তমানে এনডিআরএফ-এর ৪টি দল কমান্ডার দীপক তিওয়ারীর অধীনে উদ্ধারকাজ চালাচ্ছে। এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
