
শামলি, ৫ জানুয়ারি : উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। উত্তর প্রদেশে প্রবল উৎসাহের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এবার ভারত জোড়ো যাত্রার গন্তব্য হরিয়ানা। প্রবল শীতকে উপেক্ষা করেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে উত্তর প্রদেশের শামলি জেলার আইলুম গ্রাম থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা।
বিপুল সংখ্যক মানুষ এদিনও রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় পা মেলান। শামলি জেলার আইলুম গ্রাম থেকে এই পদযাত্রা এগিয়ে যেতে থাকে হরিয়ানার দিকে। কংগ্রেসের পক্ষ থেকে এদিন টুইট করে জানানো হয়, ভারতকে একত্রিত করাই ভারত জোড়ো যাত্রার লক্ষ্য, উত্তর প্রদেশও সেই লক্ষ্যে ধাপে ধাপে এগোচ্ছে, ভারতকে একত্রিত করছে এবং রাহুল গান্ধীর সঙ্গে হাঁটছে।
