
বারাণসী, ২৪ জুলাই: উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ শুরু করেছে ভারতের পুরাতাত্বিক সর্বেক্ষণ সংস্থা (আর্কিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই)। বারাণসী জেলা আদালতের নির্দেশ মতো সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে সমীক্ষার কাজ। মন্দিরের ধ্বংসাবশেষের ওপর এই মসজিদ নির্মিত হয়েছিল কিনা, তা জানতে ‘জ্ঞানবাপী- স্রিঙ্গার গৌরি’ মামলায় বারাণসী জেলা আদালত এএসআই-কে এই সমীক্ষার নির্দেশ দেয়। এদিকে, এই সমীক্ষার ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম পক্ষ।
ভারতের পুরাতাত্বিক সর্বেক্ষণ সংস্থা-র সর্বেক্ষণের কথা মাথায় রেখে জ্ঞানবাপী মসজিদের বাইরে ও ভিতরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়। সর্বত্র আঁটোসাঁটো রয়েছে নিরাপত্তা। আবার শ্রাবণ মাসের সোমবারের পুণ্যতিথিতে এদিন কাশী বিশ্বনাথ মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগমের কথা মাথায় রেখে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। হিন্দু পক্ষের আইনজীবী সুধীর ত্রিপাঠি বলেছেন, "সকাল সাতটা শুরু হয়েছে সমীক্ষার কাজ, কতক্ষণ চলবে তা বলা সম্ভব নয়।" আবেদনকারী সোহন লাল আর্য বলেছেন, "হিন্দু সম্প্রদায় ও কোটি কোটি হিন্দুদের জন্য একটি অত্যন্ত গৌরবময় মুহূর্ত... এই জ্ঞানবাপি সমস্যার একমাত্র সম্ভাব্য সমাধান হল সমীক্ষা।"
সোমবার সকাল থেকেই সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বারাণসীর জেলাশাসক। সমীক্ষার কাজ চলার সময় মসজিদ চত্বরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। গত শুক্রবার বারাণসী জেলা আদালত এএসআই-কে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল। তবে বিতর্কিত ওজুখানায় পাওয়া তথাকথিত ‘শিবলিঙ্গ’ এবং সন্নিহিত এলাকায় এখনই কোনও সমীক্ষা হবে না বলে জানিয়েছিল আদালত। আগামী ৪ আগস্টের মধ্যে সমীক্ষা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
