Country

3 years ago

Ashok Gehlot : ভুল বাজেটপত্র পড়লেন অশোক গেহলট, তীব্র হইচই রাজস্থান বিধানসভায়

Ashok Gehlot
Ashok Gehlot

 

জয়পুর, ১০ ফেব্রুয়ারি : রাজস্থান সরকার তীব্র অস্বস্তিতে। বিধানসভায় দাঁড়িয়ে যেখানে নতুন বাজেট পড়ার কথা, সেখানে মুখ্যমন্ত্রী পড়লেন আগের বছরের বাজেটপত্র। এই নিয়ে রীতিমতো হুলস্থুলু তৈরি হয়েছে রাজস্থান বিধানসভায়। জানা গিয়েছে, আজ শুক্রবার রাজস্থানে পেশ হচ্ছিল রাজ্য বাজেট। সে সময় মুখ্যমন্ত্রী অশোক গেহলট বাজেটপত্র পাঠ করতে ওঠেন। ৮ মিনিট যাবত তিনি ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটের বদলে গত বছরের বাজেট ভুল করে পড়তে শুরু করেন। প্রথমে বিষয়টি কেউই ধরতে পারেননি। কিন্তু বাজেটের দুটি ঘোষণা হওয়ার পরেই বিরোধী বিধায়কদের নজরে পড়ে গত বছরের বাজেট পড়া হচ্ছে। আর তারপরেই রাজস্থান বিধানসভায় ব্যাপক হইচই শুরু হয়। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

এদিকে সরকারি আধিকারিকরাও যখন ভুল বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে তাঁরা নতুন বাজেট পত্র আনতে ছোটেন। কিন্তু ততক্ষণে যা ভুল হবার হয়ে গিয়েছে। বিরোধীদের দাবি, বাজেট লিক হয়ে গিয়েছে। যদিও এ প্রসঙ্গে পালটা অশোক গেহলট জানিয়েছেন, “আপনারা আমার হাতে থাকা বাজেটের লেখা ও বিধানসভায় দেওয়া বাজেটপত্রের কপির মধ্যে পার্থক্য তুলে ধরতে পারেন। কিন্তু আমার বাজেট কপিতে যদি অতিরিক্ত কয়েকটি পেজ যোগ করে দেওয়া হয়, তবে তা কী করে বাজেট লিক হতে পারে?” অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। কার্যত এত বড় নথি যাচাই না করে কিভাবে পুরনো বাজেট পড়া হল তা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন। আর সব মিলিয়ে রাজস্থান বিধানসভায় এহেন ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে বর্তমান সরকারের তীব্র সমালোচনা।

You might also like!