
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : আদানি-হিন্ডেনবার্গ বিবাদ ইস্যুতে আগামী ১৭ ফেব্রুয়ারি কংগ্রেস নেত্রীর নতুন আর্জি শুনতে সম্মত হয়েছে শীর্ষ আদালত। ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার শুনানির বিষয়ে বুধবার সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কংগ্রেস নেত্রী জয়া ঠাকুরের প্রতিনিধিত্বকারী আইনজীবীর আর্জি গ্রহণ করেছে, সেই আবেদনে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল।
বেঞ্চ প্রাথমিকভাবে ২৪ ফেব্রুয়ারি শুনানির জন্য আবেদন তালিকাভুক্ত করতে সম্মত হয়েছিল। কিন্তু, পরবর্তীতে আইনজীবী জানান ১৭ ফেব্রুয়ারি আরও দু'টি আর্জি তালিকাভুক্ত করা হয়েছে, এরপরই শুক্রবার শুনানির সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। জীবন বীমা কর্পোরেশনের ভূমিকা তদন্তের জন্য একটি নির্দেশনাও চেয়েছেন কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর।
