
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মনের জোরে অনেক সমস্যার সমাধান করা যায়। অতিক্রম করা যায় অনেক দুর্গম পথ। সে কথাই যেন প্রমাণ করেছেন এই তরুণী। জন্ম থেকেই তাঁর দুটো হাত অক্ষম। তাই মুখের মধ্যে পেনসিল ধরেই ছবি আঁকেন। আর এভাবেই তিনি এঁকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। নেটদুনিয়ায় তাঁর কাজের বহর দেখে উচ্ছ্বসিত খোদ প্রধানমন্ত্রীও। কিছুদিন আগেই ১০০ পর্বে পা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’।
শততম পর্বে এসে ২২টি ভারতীয় ভাষা ও ১১টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয়েছে সেই অনুষ্ঠান। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে দেশের মধ্যেও একাধিক উদ্যোগ চোখে পড়েছে। শুভেচ্ছার বন্যা ভেসে এসেছে দেশবাসীর কাছ থেকে। জানা গিয়েছে, ওই তরুণীর নাম নন্দিনী। ছোট থেকেই তাঁর দুটি হাত অক্ষম। কিন্তু সেই প্রতিবন্ধকতা কোনওভাবে প্রভাব ফেলতে পারেনি তাঁর জীবনে। রাজস্থানের আজমীর শহরের বাসিন্দা নন্দিনী, ছবি আঁকতে ভালোবাসেন। কিন্তু অন্যদের মতো হাত দিয়ে ছবি আঁকার উপায় তাঁর নেই। তাই মুখের মধ্যে পেনসিল ধরে ছবি আঁকেন তিনি। ওই তরুণী নানা ধরনের ছবি আঁকলেও,
সম্প্রতি তিনি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন প্রধানমন্ত্রীর ছবি এঁকে। স্রেফ মুখের মধ্যে পেনসিল, তুলি ধরেই ছবিটি এঁকেছেন তিনি। যে ছবিতে অবিকল ফুটে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ। ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০-তম পর্বের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েই ছবিটি এঁকেছেন ওই তরুণী। ভিডিওটি শেয়ার করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এমন উপহার পেয়ে তিনি আপ্লুত।
