কানপুর, ৬ অক্টোবর : উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ আগুন লাগল একটি গুদামঘরে। শুক্রবার সকালে কানপুরের কিদওয়াই নগর থানার অন্তর্গত সঞ্জয় নগর (কেশবনগর এলাকা) এলাকায় অবস্থিত ওই গুদামঘরে আগুন লাগে। ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের কমপক্ষে ১০০ জন কর্মীর চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
কানপুরের সিপি আর স্বর্ণকর বলেছেন, শুক্রবার সকালে কেশবনগর এলাকায় একটি গুদামে আগুন লাগে, আগুন নেভাতে কাজ করে দমকলের ১০০ জনেরও বেশি কর্মী, এটি একটি টেক্সটাইল গুদাম ছিল, আশেপাশের বাসিন্দাদের কিছুক্ষণের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। তারা নিরাপদ রয়েছেন। বলা হচ্ছে এখানে সামরিক বাহিনীর পোশাক তৈরি করা হত, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কোনও আহত অথবা প্রাণহানির ঘটনা ঘটেনি।
