
বিজয়পুরা, ৪ এপ্রিল : কর্ণাটকের বিজয়পুরা জেলায় গভীর গর্তে (বোরওয়েলে) পড়ে গেল দেড় বছরের একটি শিশু। বিজয়পুরা জেলার ইন্দি তালুকার অন্তর্গত লাচিয়ান গ্রামের ঘটনা। ১.৫ বছরের শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে, ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় দেড় বছরের শিশুটি একটি খোলামুখ বোরওয়েলে পড়ে যায়, ১৫-২০ ফুট নীচে আটকে যায় শিশুটি।
উদ্ধারকারীরা জানিয়েছেন, শিশুটি নিঃশ্বাস নিতে পারছিল। সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বোরওয়েলে একটি ক্যামেরা নামানো হয়। পরে অক্সিজেনের পাইপও পৌঁছে দেওয়া হয়। গভীর রাতে সমান্তরাল কূপ খনন করা হয় ১০ ফুট গভীরে। দেড় বছরের শিশুটির নাম-সাত্ত্বিক সতীশ মুজাগন্ড। বুধবার সন্ধ্যায় খেলা করার সময় কোনওভাবে বোরওয়েলে পড়ে যায় সে। পুলিশ জানিয়েছে, এসডিআরএফ, স্বাস্থ্য, দমকল ও জরুরি আধিকারিকরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
