
মোরেনা, ২ এপ্রিল: মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থীবোঝাই একটি বাস। সোমবার গভীর রাতে ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এই দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন পুণ্যার্থী কমবেশি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। তাঁরা গোয়ালিয়র থেকে রাজস্থানে যাচ্ছিলেন, মেহেন্দিপুর বালাজির দর্শনে।
মোরেনা জেলা হাসপাতালের আরএমও ডাঃ সুরেন্দ্র গুর্জর বলেছেন,"২৫-৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। পুলিশ ইন্সপেক্টর অলোক পারিহার বলেছেন, "বাসটিতে পুণ্যার্থীরা ছিলেন, মেহেন্দিপুর বালাজির দর্শনের জন্য যাচ্ছিলেন তাঁরা এবং গোয়ালিয়র থেকে বাসটি ছেড়েছিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা পাচ্ছেন। তাঁদের ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।"
