
থানে, ২৫ ফেব্রুয়ারি: মহারাষ্ট্রের থানে শহরে একটি রাষ্ট্রীয় পরিবহণকারী বাসে আগুন লেগে বিপত্তির সৃষ্টি হয়। রবিবার সকালে ৪০-৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস আসছিল। আচমকাই বাসের ইঞ্জিনটি আগুন ধরে ফেটে যায়।
থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর প্রধান ইয়াসিন তাদভি জানিয়েছেন, কালওয়া থানা সংলগ্ন ভিটাওয়া সেতুর কাছে সকাল ৮.১৮ নাগাদ ঘটনাটি ঘটে। মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (এমএসআরটিসি)-এর বাসটি ৪০-৪৫ জন যাত্রী নিয়ে খোপাট বাস ডিপো থেকে পার্শ্ববর্তী রায়গড় জেলার পালি যাচ্ছিল। রাস্তায় বাসের ইঞ্জিনটি হঠাৎ আগুনে ফেটে যায়। দুর্ঘটনার পর এক পুলিশ কনস্টেবল অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেয়।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাস থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনেন। তাতেই প্রাণে রক্ষা পান যাত্রীরা। বাসটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
