
রায়পুর, ২৭ মার্চ: ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে নিহত হয়েছে ৬ মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে ৬ মাওবাদীর দেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেছেন, "বাসাগুড়া থানা এলাকার অধীনে, এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৪ পুরুষ এবং দুই মহিলা-সহ ৬ জন নকশালের মৃতদেহ। নকশালদের ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থাও উদ্ধার করা হয়েছে। আরও তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা কর্মীরা নিরাপদ, আরও বাহিনী পাঠানো হয়েছে।"
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিজাপুর জেলার চিকুরবাট্টি-পুসবাকার কাছে জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে জোরদার সংঘর্ষ হয়, এরপর ৬ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। এই অভিযান চালায় ডিআরজি, সিআরপিএফ-এর ২২৯ ব্যাটেলিয়ন ও কোবরা টিম।
এই অভিযান প্রসঙ্গে ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেছেন, "নকশালরা ৩ গ্রামবাসীকে হত্যার পর, বুধবারের এনকাউন্টারে ৬ মাওবাদী নিহত হয়েছে।"
